রাজশাহীতে নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিট
উত্তরবঙ্গের সব স্টার্টআপ সফল হলে ভবিষ্যতে এ অঞ্চল হতে পারে বাংলাদেশের সিলিকন ভ্যালি। নর্থ বেঙ্গল স্টার্টআপ সামিটের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এমন প্রত্যাশাই করেন। উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি, বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি পরিচয় ছাড়াও স্টার্টআপ সংস্কৃতির বিকাশে উত্তরবঙ্গে প্রথমবার এমন আয়োজন হয়।
আইডিয়া প্রকল্প পরিচালক (ইনচার্জ) ড. মো. মিজানুর রহমান বলেন, রাজশাহী বিভাগ থেকে ভবিষ্যতে দেশের আলোচিত স্টার্টআপ উঠে আসবে। বাংলাদেশের বাজার অনেক বড়। শিক্ষা নগরীতে আছে অসংখ্য উদ্যমী ও মেধাবী তরুণ। সবারই তথ্যপ্রযুক্তি খাতে কাজের অনেক সুযোগ আছে।
রাজশাহীতে কর্মসংস্থান ও তরুণদের কর্মসক্ষমতা তৈরিতে ফ্লিট বাংলাদেশ, রিয়াল স্টার প্রপার্টিজ, এমডি ইনফোটেক, ভিভা সফট ও রিয়াল স্টার সোসাইটিকে পুরস্কৃত করা হয়। উত্তরবঙ্গে গড়ে ওঠা বা কার্যক্রম চালানো প্রায় ২৫টি স্টার্টআপ অংশগ্রহণ করে। ভিআর গেম, ড্রোন ও রোবট শোকেস, ইলেকট্রিক রেস কার উপভোগ করেন দর্শনার্থীরা। চারটি বিশেষ অধিবেশন, সাতটি এক্সপার্ট সেশন, তরুণদের জন্য স্টার্টআপ আইডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আগ্রহীরা। বক্তাদের মধ্যে ছিলেন স্টার্টআপ রাজশাহীর উপদেষ্টা সৈয়দ আবদুল্লাহ শাওন, আইডিয়া প্রকল্পের মানবসম্পদ বিষয়ক পরামর্শক মো. নাজিম উদ্দিন, সামিটের ইভেন্ট পরিচালক ও স্টার্টআপ রাজশাহীর সাধারণ সম্পাদক মাহির আসেফ।
