ছিনতাইয়ের স্বর্ণালংকারসহ দুই যুবক গ্রেপ্তার
নাটোরে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণালংকারসহ মো. রিয়াদ হোসেন কনক (২৫) ও মো. আসিফ (২০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। গত রোববার রাতে শহরের উত্তর বড়গাছা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিয়াদ শহরের উপরবাজার এলাকার বকুল সরকারের ছেলে। আসিফ উত্তর আলাইপুর এলাকার আবদুস সালামের ছেলে। নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম এ তথ্য জানান। পুলিশ সুপার বলেন, পাবনার চাটমোহরের হাণ্ডিয়াল বাজারের স্বর্ণ ব্যবসায়ী ব্রজেন্দ্রনাথ দাস গত রোববার সাড়ে চার লাখ টাকা এবং ১১ জোড়া স্বর্ণের ঝুমকা ও দুল নিয়ে নাটোরে আসেন। পরে পিলখানা এলাকার গোবিন্দ কর্মকারের নিউবিনা জুয়েলার্স থেকে ১৩টি স্বর্ণের চেইন নিয়ে চার লাখ টাকা পরিশোধ করেন। এ ছাড়া পদ্মা মার্কেট থেকে আট ভরি গহনাসহ গচ্ছিত ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি যাচ্ছিলেন। দুপুরে অটোরিকশায় হরিশপুর বাস টার্মিনালের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিন যুবক ব্রজেন্দনাথের কাছে থাকা স্বর্ণালংকার ও টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের বাধা দিয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে তাঁকে চাকু দিয়ে আঘাত করে। এ সময় পুলিশ আসতে দেখে ছিনতাইকারীরা তাঁর ব্যাগ কেড়ে নিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ ও আসিফকে গ্রেপ্তার করে।