প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধকে পেটালেন ইউপি সদস্য
ঈশ্বরদীতে আসিফ মাহমুদ নামে বাকপ্রতিবন্ধী যুবক ও এনামুল হক নামে বৃদ্ধকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য আসাদুল হক আশার বিরুদ্ধে। উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সড়কের পাশে বালুর বস্তা দিয়ে বাঁধ দিতে নিষেধ করায় তাদের মারধর করা হয় বলে জানা গেছে।
অভিযুক্ত আসাদুল হক সলিমপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। গতকাল ভুক্তভোগী আসিফ ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আসিফ উল্লেখ করেন, ইউপি সদস্য আসাদুল কয়েক দিন আগে বাড়ির সামনে সড়কের পাশে বালুর বস্তা দিয়ে বাঁধ দেন। গত শুক্রবার বৃষ্টির পর সড়কে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ এলাকার মানুষ চলাচলে ভোগান্তির শিকার হচ্ছিল। এ দিন দুপুরে আসিফ পানি নিষ্কাশন করতে গেলে ইউপি সদস্য আসাদুল ও তাঁর তিন ছেলে তাঁকে মারধর করেন। এ সময় আসিফের বাবা আবুল কালাম আজাদ ও চাচা এনামুল হক এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ইউপি সদস্য আসাদুল হক। ইউপি চেয়ারম্যান আবদুল মজিদ বাবলু মালিথা বলেন, ব্যক্তিগত অপরাধের দায় ইউপি নেবে না।