সাদ হত্যা: ২ ছাত্রলীগ নেতা আটক
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০২ এপ্রিল ২০১৪ | ০৯:১২ | আপডেট: ০২ এপ্রিল ২০১৪ | ১০:৫৪
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রলীগ নেতা সাদ ইবনে মমতাজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা অজয় কুমার কুণ্ডু ও রোকনুজ্জামান আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের পাটগুদাম মোড় থেকে তাদের আটক করা হয় বলে সমকালকে জানিয়েছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার।
আসন্ন অনুষদীয় সহ-সভাপতি নির্বাচন ও গত রোববারের ক্লাশ পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা সোমবার বাকৃবি'র আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের গত কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ ইবনে মমতাজকে পিটিয়ে আহত করে। আহতাবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের হেলথ্ কেয়ার সেন্টারে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠান। ভোরে হাসপাতালে সাদকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে ট্রমা মেডিকেল সেন্টার ও হাসপাতালের বারান্দায় সাদের লাশ পড়ে থাকতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের স্নাতক শেষ বর্ষের ক্লাস প্রতিনিধি সাদের বাড়ি রাজশাহীতে।
সাদ ইবনে মমতাজের হত্যাকারীদের ফাঁসি ও আজীবন ছাত্রত্ব বাতিলের দাবিতে বুধবার ক্লাস-পরীক্ষা বর্জন করে নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেন শিক্ষকরাও।
আন্দোলনকারী শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের জন্য ছাত্রলীগ নেতা অজয় কুমার কুণ্ডু ও রোকনুজ্জামানকে দায়ী করে তাদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি দাবি করেন।
এ দিকে বিকেলে সংবাদ সম্মেলন করে হত্যার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেন বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান বাবু।