ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

অনেক দিন পর জমেছে মনিহার

অনেক দিন পর জমেছে মনিহার
×

ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩ | ২১:৩১ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ০৪:৪৮

অনেক দিন পর জমে উঠেছে দেশের সবচেয়ে বড় সিনেমা হল যশোরের মনিহার। ঈদের দিন থেকে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ ছবিটি। যশোরসহ আশপাশের জেলাগুলো থেকে শাকিব খান-ইধিকা পালের প্রেমের সম্পর্কে দেখতে ছুটে আসছেন সিনেমাপ্রেমীরা। প্রিয়তমা দেখে দর্শকরা বললেন শাকিব খানের অভিনয়ে মুগ্ধ তারা। প্রেক্ষাগৃহ–সংশ্লিষ্টরা বলছেন, দেশে যে বাংলা সিনেমার দুর্দিন চলছে; তার ভেতরে এই সিনেমাটি ব্যবসাসফল। প্রতিদিন চারটি করে শো’র মধ্যে প্রায় সব শো হাউসফুল যাচ্ছে।

এক সময় ঢাকার সঙ্গে পাল্লা দিয়ে এই হলে সিনেমা মুক্তি দেওয়া হতো। তবে সেসব আজ ইতিহাস। অতীতে অনেক ব্যবসাসফল ছবি মুক্তি পেয়েছে হলটিতে। একসময় জমজমাট ছিল সিনেমার ব্যবসা। ব্যবসার দুদির্নের মধ্যে ঝড়ের পূর্বাভাস দিয়েই মুক্তি পেয়েছে প্রিয়তমা। সিনেমার টিজার, গান দেখে মুক্তির আগেই সারাদেশে আলোচনার কেন্দ্রে চলে আসে সিনেমাটি। ঈদের দিন থেকে মণিহারে হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। 

হল কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২০টি প্রদর্শনীতে প্রায় ৮ থেকে ১০ হাজার দর্শক সিনেমাটি দেখেছেন। মণিহারে টিকিটের দাম ১২০ থেকে ১৫০ টাকা। সে হিসাবে মাত্র চারদিনেই প্রায় ১১ লাখ টাকার বেশি বিক্রি হয়েছে। যদিও মোট কত টাকার টিকিট বিক্রি হয়েছে, সেটা নির্দিষ্ট করে বলতে চাননি হলটির ব্যবস্থাপক তোফাজ্জল হোসেন। কয়েকটি শো সরেজমিনে দেখা গেছে দর্শকদের উপচে পড়া ভিড়।

প্রিয়তমা রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। দারুণ গল্প, অভিনয় আর প্রিয়তমার শেষ পরিণতি দেখে অঝোরে কেঁদেছেন অনেক দর্শক। কেউ আবার নিজের জীবনের অতিতকেও খুঁজে পেয়েছেন এই সিনেমায়। 

দীর্ঘ ১২ বছর পর নড়াইল থেকে পরিবার নিয়ে হলে এসেছেন রোকেয়া বেগম। জানালেন বাংলাদেশে সিনেমার প্রেক্ষাপট বদলেছে। একটা সময় ছিল পরিবার নিয়ে অবসর সময় কাটানোর জন্য মানুষ সিনেমা হলে আসতেন। তবে মাঝে অনেকটা সময় রুচিহীন ডায়লগ আর গল্পে সয়লাব হয়েছিল দেশি সিনেমা। সেই জায়গা থেকে পুনরায় ফিরে এসেছে বাংলা ছায়াছবি। প্রিয়তমা সম্পর্কে বললেন, ‘শাকিব খান বাংলাদেশের গর্ব। দারুণ গল্প আর অভিনয়ে মুগ্ধ হতে বাধ্য দর্শক।’

জীবনে প্রথম হলে এসেছে দারুণ অভিজ্ঞতা হলো কলেজ পড়ুয়া লিজা খাতুনের। বরাবরই শাকিবভক্ত লিজা। তবে হলে সিনেমা দেখার পরিবেশ নেই বলে সাহস করে কখনও এমুখো ফেরেননি বলে জানালেন। লিজা বলছেন, ‘শাকিব খান ও ইধিকা পালের অভিনয়ে মুগ্ধ হয়েছি।’ 

নড়াইল থেকে সিনেমা দেখতে এসে সবুজ সুলতান জানালেন নিজের জীবনের অতীত দেখতে পেয়েছেন প্রিয়তমা সিনেমায়। মনে ধরেছে সিনেমার একটি ডায়লগ ‘তোর থেকে হাজারগুন সুন্দরী মেয়ে বিয়ে করে দেখাব।’

প্রদর্শনী শেষে প্রচণ্ড ভিড় ঠেলে এগিয়ে আসছিলেন আরেক দর্শক নিলুফা ইয়াসমিন। তিনি বলেন, ‘সিনেমার শেষ দৃশ্যটি অনেক কষ্টের। দর্শকদের চোখে জল চলে আসে। খুব কেঁদেছি।’

সাব্বির হোসেন নামে এক দর্শক বলেন, ‘শাকিব খান যে অভিনয় করেন; সেটা থেকে এই সিনেমা ব্যতিক্রম। সিনেমা দেখে অনেক ভালো লাগল। সাকিবের যে লুক, এই সিনেমায় তার অনেক পরিবর্তন হয়েছে। আগের সিনেমা থেকে তার এই সিনেমাতে অভিনয় অনেক ভালো হয়েছে। খুব সুন্দর ছিল, বলা যায় অসাধারণ। খুব ইমোশনাল সিনেমা। এই রকম সিনেমা আমরা প্রত্যাশা করি। শেষের দৃশ্যগুলো সত্যি মারাত্মক ছিল।’

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে দল বেঁধে এসেছেন কলেজ পড়ুয়া সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘চোখে জল আসার মতো গল্প। বারবার শাকিব খান তার প্রিয়তমাকে ভুলে না গেলেও বারবার ভুলে যাওয়ার যে অভিনয় করেছে, সেটা অসাধারণ। অনেকের জীবনে এ ধরণের কাহিনি লুকায়িত আছে, আমরা প্রিয়তমাকে রাগ করে ভুলে যেতে পারি, আসলে প্রিয়তমাকে ভোলা যায় না। যদিও সিনেমা হলে প্রথমবার এসেছি। আমার দেখা শাকিব খানের বেস্ট সিনেমা এটি।’

হলটির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল ইসলাম মিঠু বলেন, ‘শাকিব খানের ছবি সবসময় ব্যবসাসফল হয়। তবে প্রিয়তমা হয়তো রেকর্ড ভাঙতে চলেছে। ঈদে মুক্তি পাওয়া এই সিনেমা এখন পর্যন্ত প্রায় সবগুলো শো হাউজফুল চলেছে। দেশে যে বাংলা সিনেমার দুর্দিন চলছে; তার ভেতরে এই সিনেমাটা ব্যবসা সফল। পরান ও হাওয়া সিনেমার পর ব্যবসাসফল সিনেমা প্রিয়তমা। আগামী সপ্তাহ থেকে সুড়ঙ্গ প্রদর্শিত করার সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে প্রিয়তমা দর্শকদের চাহিদা যতদিন থাকবে ততদিন চলবে।’

আরও পড়ুন

×