১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেন চলবে: রেলমন্ত্রী
রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ১৩:১৯ | আপডেট: ২৫ জুলাই ২০২৩ | ১৩:১৯
প্রায় আট মাস বন্ধ থাকার পর আগামী ১ আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রেল পথে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, অল্প সময়ের মধ্যে শুরু হবে ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্পের কাজও। আগামী অক্টোবরের শুরুর দিকে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু হয়ে রেল চলাচল কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল লেন শুরুর প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল লাইন ও পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে চাষাঢ়ায় মন্ত্রী এসব কথা জানান।
মন্ত্রী বলেন, পদ্মা সেতুর রেল লাইনের সঙ্গে সমন্বয় করতে গিয়ে ডুয়েল গেজ লাইনের কাজে সময়ক্ষেপণ হয়েছে। তবে ডুয়েল গেজ সিঙ্গেল লাইনটি ডাবল লাইনে উন্নীত হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন-পুরাতন দুইটি লাইনের প্রকল্পের কাজ এক সঙ্গে এগিয়ে চলছে। আগামী বছরের জুন মাসে ডাবল লাইনের কাজ শেষ হবে।
২০২৪ সালের মধ্যে পদ্মা সেতুর রেল লাইনের কাজ শেষ করার পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রায়াল পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে। অক্টোবরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তা উদ্বোধন করবেন।
খুলনা থেকে মংলা পর্যন্ত এবং চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত একটি প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়ে রেলমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে কাজটি শুরু করার পরিকল্পনা রয়েছে।
এসময় পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের পরিচালক আফজাল হোসেন, ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েল গেজ লাইনের প্রকল্প পরিচালক সেলিম রউফ, বিআরএম সফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পদ্মা সেতুর রেল লাইন প্রকল্পের পরিচালক আফজাল হোসেন জানান, ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার লাইনের মধ্যে ৭৯ কিলোমিটার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী এক মাসের মধ্যে বাকি শেষ হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে ট্রায়াল শুরু হতে পারে।