ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতার নামে জিডি

শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে বিএনপি নেতার নামে জিডি
×

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৫:৩০ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ | ১৫:৩০

কুড়িগ্রামে এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। কয়েক শিক্ষার্থীর ভর্তি বাতিলের জেরে অপদস্থ হওয়ার দাবি করেছেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক আবদুল হাই সিদ্দিকী। গত রোববার স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। এতে জড়িত থাকার অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় জিডি করেছেন ভুক্তভোগী। অভিযুক্ত অভিভাবকের নাম মাসুদ রানা। তিনি জেলা বিএনপির সহশিক্ষা সম্পাদক।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, একাধিক নামে ভর্তির আবেদন করায় ৪২ ছাত্রছাত্রীর ভর্তি চূড়ান্ত হলেও পরে তা বাতিল করে মন্ত্রণালয়। এ বিষয়ে কথা বলতে এসে প্রধান শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন কয়েকজন অভিভাবক। এ সময় শিক্ষক আবদুল হাই এগিয়ে এলে তাঁর ওপর চড়াও হন এবং একাধিকবার মারতে উদ্যত হন মাসুদ রানাসহ কয়েকজন অভিভাবক। কিছুক্ষণ পর সেই সময়ের ৫৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আবদুল হাই বলেন, 'আমরা কারও ভর্তি বাতিল করিনি। মন্ত্রণালয়ের নিয়মে কয়েকজন শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়ে গেছে। এ নিয়ে কথা বলার থাকলে বলবে, কিন্তু শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করবে কেন?'

অভিযোগের বিষয়ে কথা বলতে বিএনপি নেতা মাসুদের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে অন্য এক অভিভাবক বলেন, সন্তানের ভর্তির বিষয়টি পুনর্বিবেচনার জন্য বলতে গেলে মাসুদের সঙ্গে শিক্ষক আবদুল হাইয়ের বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় তাঁদের সরিয়ে নেওয়া হয়।

সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, এক শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ পেয়ে গিয়েছিলাম। এ বিষয়ে তদন্ত চলছে। 

আরও পড়ুন

×