ইলিশ বিক্রির নামে প্রতারণার অভিযোগে চারজন গ্রেপ্তার
ছবি- সমকাল
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০০:১১
ফেসবুক ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কম দামে ইলিশসহ নানা পণ্য বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা পুলিশ। নড়াইলের কালিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ৪৬টি সিম কার্ড এবং নগদ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতারণার অভিযোগে চাঁদপুর সদর থানায় গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে দুটি মামলা হয়। ওই মামলার সূত্র ধরে জেলা পুলিশের এলআইসি শাখা ও গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরে এসআই আনছার উল্লাহ, এসআই জিয়াউল হক, এএসআই মোহাম্মদ ইলিয়াছ ও এএসআই জহির উদ্দিনের সমন্বয়ে গঠিত একটি দল নড়াইলের কালিয়ায় অভিযান চালায়। গত ৬ সেপ্টেম্বর ভোরে চারজনকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে ৭ সেপ্টেম্বর তাদের চাঁদপুরে আনা হয়। পরে ৮ সেপ্টেম্বর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– নড়াইলের কালিয়া থানা এলাকার ফুরকান শেখ, চান মিয়া, রাতুল হোসেন এবং শহিদুল শেখ।
পুলিশের দাবি, ক্রেতাদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেওয়ার পর প্রতিশ্রুত পণ্য সরবরাহ করা হতো না। এ অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে গত মাসে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও নড়াইল থেকে ধরা হয়। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।