হাম-ডেঙ্গুর থাবায় বেহাল সিলেট, এক দিনে চার শিশুর মৃত্যু
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুরা সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪০ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০:২০
| প্রিন্ট সংস্করণ
সিলেটজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রামক ব্যাধির প্রকোপ। একদিকে হাম ও এর উপসর্গে একের পর এক শিশুর প্রাণহানি ঘটছে, অন্যদিকে ক্রমশ ডালপালা মেলছে ডেঙ্গুর সংক্রমণ। এই জোড়া স্বাস্থ্য সংকটে উদ্বেগ বাড়ছে পুরো বিভাগে।
শেষ খবর পাওয়া পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও সাতজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের গতকাল সোমবারের প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে সিলেটে হাম ও এর উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত শিশুদের মধ্যে দুইজনের বাড়ি সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জে, একজনের সুনামগঞ্জে এবং অন্যজনের বাড়ি হবিগঞ্জে। চিকিৎসকরা জানিয়েছেন, মারা যাওয়া শিশুরা সবাই অপুষ্টিসহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় ভুগছিল।
স্বাস্থ্য বিভাগের তথ্য ঘেটে দেখা যায়, চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মোট ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া রোগী ১০ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৪ শিশু। সংক্রমণ ছড়িয়ে পড়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১৪৬ জন ভর্তি হয়েছেন। বর্তমানে সিলেটজুড়ে ৪৯৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হামের দাপট যখন চলমান, ঠিক তখন উদ্বেগের নতুন মাত্রা যোগ করেছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মঈনুল ইসলাম জানান, সিলেটে ডেঙ্গু সংক্রমণ থামছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও সাতজন ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে দুজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, মৌলভীবাজার সদর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন করে চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩ জনে। জেলাভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হবিগঞ্জে ১২৩ জন। এ ছাড়া সুনামাগঞ্জে ৬২, সিলেটে ৫৮ এবং মৌলভীবাজারে ২৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। অন্য বিভাগ থেকে এসে সিলেটে চিকিৎসা নেওয়া ১১ জনের শরীরেও এ ভাইরাসের উপস্থিতি মিলেছে। এর প্রাদুর্ভাব সময়ের সঙ্গে বাড়ার আশঙ্কা চিকিৎসকদের।
বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। ওসমানী মেডিকেলে সাতজন, রাগীব-রাবেয়ায় চারজন এবং হবিগঞ্জের বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে আটজনসহ মোট ২৩ জন চিকিৎসাধীন। চলতি বছর বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে।