৩০ ঘণ্টা বিদ্যুৎহীন ইবির তিন হল
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:২৬
| প্রিন্ট সংস্করণ
বিদ্যুৎ সংযোগের তারে সমস্যার কারণে টানা ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন কাটাতে হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিনটি হলের দেড় সহস্রাধিক শিক্ষার্থীকে। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পোহাতে হয় তাদের। গতকাল শনিবার বিকেল ৩টার দিকে হলগুলোর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। গত শুক্রবার সকাল ৯টা থেকে খালেদা জিয়া হল, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হল ও শাহ আজিজুর রহমান হলে বিদ্যুৎ ছিল না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ে ৪ নম্বর সাবস্টেশন মেরামতের জন্য হলগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কাজ শেষে সেদিন বিকেল ৫টার মধ্যে সংযোগ চালু করার কথা ছিল। কিন্তু তারে ত্রুটি ধরা পড়ায় তিনটি হলে আর সংযোগ দেওয়া যায়নি।
শাহ আজিজুর রহমান হলে ৪১২ জন, বেগম খালেদা জিয়া হলে ৬০০ জন, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা (রা.) হলে ৬০০ শিক্ষার্থী থাকেন। তাদের সবাই গতকাল বিকেল ৩টা পর্যন্ত দুর্ভোগের শিকার হতে হয়।
খালেদা জিয়া হলের নিবাসী লোকপ্রশাসন বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্রী নাদিয়া ইসলাম তিশা বলেন, ‘দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় হলে পানির সংকট তৈরি হয়েছিল। খাওয়ার পানি তো ছিলই না, এমনকি ওয়াশরুমের পানিটুকুও ছিল না। দীর্ঘ সময় লেগেছে বিদ্যুৎ আসতে।’
শাহ আজিজুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী তানজিল হোসাইন পড়েন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে। তিনি বলেন, ‘শুক্রবার সকাল থেকেই কারেন্ট ছিল না। পানি না থাকায় হলের অনেক শিক্ষার্থী জুমার নামাজে যাওয়ার আগে গোসলটাও করতে পারেনি। অনেকের ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় জেনেরেটর দেওয়া হলেও খানিক সময় পর সেটাও উধাও। আর রুমের সব লাইনে জেনারেটর চলে না। তার মধ্যে ভোল্টেজের যে অবস্থা, এতে ফ্যান চালানো আর না চালানো একই কথা।’ তীব্র গরমের মধ্যে সবার ভয়াবহ ভোগান্তির শিকার হতে হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আব্দুল মালেক বলেন, তাৎক্ষণিকভাবে গত শুক্রবার রাতে সমস্যাটি সমাধান করা সম্ভব হয়নি। এ জন্য জেনারেটর লাইনের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দিয়ে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেখানেও হলসহ বিভিন্ন জায়গায় লাইনে সমস্যা দেখা দেয়। পল্লী বিদ্যুতের লোকজন নিয়ে সব সংযোগ পরীক্ষা করে বিকেলে বিদ্যুৎ চালু করেন।
- বিষয় :
- বিদ্যুৎ সরবরাহ