ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ঘাসি নদীর ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

ঘাসি নদীর ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
×

মধ্যনগরের ঘাসি নদীর ইজারা বাতিলের দাবিতে গতকাল শনিবার স্থানীয়দের মানববন্ধন সমকাল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩৯ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৪

| প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ‘ঘাসি নদী, ২য় খণ্ড’-এর ইজারা বাতিল করে সাধারণ জেলেদের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার বিকেল সাড়ে চারটার দিকে ইউনিয়নের হামিদপুর চৌরাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় কয়েকটি গ্রামের জেলেসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ অংশ নেন। এ সময় তারা ঘাসি নদীর দ্বিতীয় খণ্ডের ইজারা বাতিল করে সাধারণ মানুষের মাছ ধরার সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন মধ্যনগর উপজেলা বিএনপির সদস্য সেনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সদস্য এনামুল হক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শহীদ মিয়া।

বক্তারা বলেন, ২০০৯ সালে সাধারণ মানুষের দাবির পরিপ্রেক্ষিতে ঘাসি নদীর প্রথম খণ্ডের ইজারা প্রথা বাতিল করে সরকার তা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়। তবে দ্বিতীয় খণ্ডের ইজারা এখনো বহাল রয়েছে। এতে নদীতীরবর্তী এলাকার সাধারণ জেলেরা নির্বিঘ্নে মাছ ধরতে পারছেন না।

তাদের দাবি, ঘাসি নদীর দ্বিতীয় খণ্ড ইজারামুক্ত করা হলে নদীতীরবর্তী গ্রামের দরিদ্র ও সাধারণ জেলেরা অবাধে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবেন। একই সঙ্গে নদীর প্রাকৃতিক পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে।

ঘাসি নদীর দ্বিতীয় খণ্ড হামিদপুর বন্ধন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের নামে বাংলা ১৪৩১ থেকে ১৪৩৩ সন পর্যন্ত ইজারা দেওয়া হয়েছে। সমিতির পক্ষ থেকে সরকারি রাজস্বও পরিশোধ করা হয়েছে।

এদিকে গত শুক্রবার সমিতির সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ই-মেইলে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেনোয়ার হোসেনের বিরুদ্ধে ইজারাকৃত নদীর অংশ দখলের চেষ্টার অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে সেনোয়ার হোসেনসহ তার পক্ষের লোকজন বৈধ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন করেন।

আরও পড়ুন

×