ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পাটের দামে খুশি কৃষক

পাটের দামে খুশি কৃষক
×

 ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪২

| প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের ফুলবাড়ীতে এবার পাটের দামে খুশি চাষিরা। ভালো দাম পাওয়ায় তারা লাভবান হয়েছেন। এতে তাদের মনে স্বস্তি ফিরে এসেছে।
দৌলতপুর ইউনিয়নের হড়হড়িয়ারপাড় গ্রামের মতিউর রহমান, নূরনবী, আইনুল ইসলামসহ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছর এই সময়ে প্রতি মণ পাট ১৮০০ থেকে ২২০০ টাকায় বিক্রি হয়েছিল। এতে কৃষকদের প্রতি মণে ৫০০ থেকে ৬০০ টাকা লোকসান হয়। এবার মানভেদে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে ৩৯০০ টাকা থেকে চার হাজার টাকায়।

খয়েরবাড়ী ইউনিয়নের মোক্তারপুর গ্রামের কৃষক দেলোয়ার হোসেন এক বিঘা জমিতে পাট চাষ করেছিলেন। পাট পেয়েছেন আট মণ। খরচ হয়েছিল প্রায় ১৩ হাজার টাকা। ৩৯০০ টাকা মণ দরে বিক্রি করেছেন ৩১ হাজার টাকায়। এতে তাঁর লাভ হয়েছে ১৮ হাজার টাকা।

একই গ্রামের কৃষক মঈনুল ইসলাম বলেন, গত কয়েক বছর পাটের ফলন তেমন ভালো হয়নি। 
চাষ করে লোকসান হচ্ছিল। তবে এ বছর ফলন ও দাম দুটিই ভালো পেয়েছেন। এক বিঘা জমিতে তোষা জাতের পাট চাষ করে ১৯ হাজার টাকা লাভ হয়েছে।
আলু চাষের ক্ষতি পাট দিয়ে কিছুটা পুষিয়ে নেওয়ার আশা করছেন কৃষকরা। হড়হড়িয়ারপাড়া গ্রামের কৃষক মতিউর রহমান বলেন, আলু চাষে লোকসান গুনে ২০ শতক জমিতে পাট করেছেন। এবার পাটে আলুর কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন।

পাটের আড়তদার শান্ত কুণ্ডু বলেন, পাটের বাজার ভালো রয়েছে। মানভেদে প্রতি মণ পাট ৩৯০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত আড়তে বেচাকেনা হচ্ছে। এতে চাষিরা লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন বলেন, চলতি মৌসুমে ৬০ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। আবাদও হয়েছে সমপরিমাণ জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১১১ টন বা ৬০৮ বেল পাট। এরমধ্যে ৯০ শতাংশ জমির পাট কাটা শেষ। তিনি আরও বলেন, ভালো বাজারদরের কারণে কৃষকেরা লাভবান হচ্ছেন।

আরও পড়ুন

×