কারাম উৎসবে মাতোয়ারা ওরাঁও সম্প্রদায়
ঠাকুরগাঁওয়ের পাঁচপীরডাঙ্গা গ্রামে কারাম উৎসবে নাচছেন ওরাঁও নারীরা সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৪
| প্রিন্ট সংস্করণ
একটি কারাম গাছের ডাল ঘিরে নাচ-গান আর উৎসবের রঙে মুখর ঠাকুরগাঁওয়ের সালন্দর। সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভালো ফসলের প্রত্যাশায় গত শুক্রবার রাতে সদর উপজেলার পাঁচপীরডাঙ্গা গ্রামে বসে ওরাঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব। রাত ৯টায় শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। ঢোল ও মাদলের তালে নারী-পুরুষের সঙ্গে শিশু-কিশোরদের অংশগ্রহণে উদযাপিত হয় কারাম উৎসব।
এ উৎসব ঘিরে কয়েক দিন আগে থেকে সালন্দর ইউনিয়নের পাঁচপীরডাঙ্গা গ্রামে দেখা দেয় উদযাপনের আমেজ। রঙিন পোশাকে নারী-পুরুষ, হাতে ঢোল ও মাদল নিয়ে নাচ-গান করতে করতে উৎসবে অংশ নেন। আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসেন এ আয়োজন দেখতে।
কারাম পূজার অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা হলো কারাম গাছের ডাল স্থাপন। এ উপলক্ষে ওরাঁও নারীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস পালন করেন। পরে নাচ-গান ও বাদ্যযন্ত্রের তালে কারাম গাছের ডাল সংগ্রহ করে পূজার বেদিতে স্থাপন করা হয়।
কারাম গাছের ডাল স্থাপনের পর শুরু হয় উৎসবের মূল আয়োজন। নারী-পুরুষের সঙ্গে নাচ-গানে যোগ দেয় শিশু-কিশোররাও। ঢোল ও মাদলের তালে তালে একসঙ্গে আনন্দে মেতে ওঠেন পুরো গ্রামের মানুষ। এতে একদিকে যেমন নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা হয়, অন্যদিকে তৈরি হয় পারস্পরিক সম্প্রীতি ও মিলনের পরিবেশ।
পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বনাথ কেরকেটা বলেন, বিপদ-আপদ থেকে মুক্তি, ভালো ফসল এবং সুখ সমৃদ্ধির প্রত্যাশায় প্রতিবছর এ পূজার আয়োজন করা হয়। উৎসবে অংশ নেওয়া অতিথিরা ওরাঁও সম্প্রদায়ের এ আয়োজনের প্রশংসা করেন। তাদের জীবনমানের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার কথা জানান জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ।
আয়োজকরা জানান, কারাম উৎসব মূলত তিন দিনের আয়োজন। ভাদ্র মাসের শেষে ও আশ্বিন মাসের শুরুতে এ উৎসব পালন করা হয়। গত শুক্রবার রাতে মূল আনুষ্ঠানিকতার পর গতকাল শনিবার সকালে কারাম গাছের ডাল নদীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।
জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী বলেন, ওরাঁও সম্প্রদায়ের এই ঐতিহ্যবাহী আয়োজন আরও বড় পরিসরে করা প্রয়োজন। এ জন্য সরকারি সহযোগিতা বাড়ানো দরকার।
- বিষয় :
- উৎসব মণ্ডল