অপ্রতিম হত্যার ঘটনায় মামলা
মা-বাবার সাথে নিহত ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩৮ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩১
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার গভীর রাতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় এ মামলা করেন।
রোববার দুপুর সোয়া ১২টায় সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পংকজ বড়ুয়া।
তিনি বলেন, ‘এ ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। জড়িতদের আটক করা হয়েছে।’ রোববার দুপুর ২টায় পুলিশ সুপার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।মরদেহের সুরতহালকারী পুলিশের এসআই সাইফুল ইসলাম বলেন, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তার শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন ছিল।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিমের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহত অপ্রতিম স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
- বিষয় :
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়
- হত্যা মামলা