ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে দুজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুতে দুজনের মৃত্যু
×

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৫৫

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে সাড়ে তিন বছর বয়সী এক শিশু এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ জনে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন। রোববার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ সমকালকে এসব তথ্য নিশ্চিত করে।

হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া যুবকের নাম মোজাম্মেল হোসেন (২৮)। তিনি শেরপুর সদর উপজেলার ইদ্রিস আলীর ছেলে। শনিবার দুপুরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতালের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে ১২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৬৬ জন পুরুষ, ৪৬ জন নারী ও ১১ জন শিশু। চলতি বছর হাসপাতালটিতে মোট ২ হাজার ৪৬২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩১ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ জন। বর্তমানে হাসপাতালের শিশু ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে ১১৬ জন শিশু ভর্তি রয়েছে।

চলতি বছরের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত মোট ৪ হাজার ২৯২ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৪ হাজার ১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সর্বশেষ মারা যাওয়া সাড়ে তিন বছর বয়সী শিশুটি গত ৬ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিল। শনিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান জানান, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশু ও ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ কাজ করছে।

আরও পড়ুন

×