ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড় সীমান্তের ৩৩ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি

পঞ্চগড় সীমান্তের ৩৩ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি
×

প্রশিক্ষণের পর যুবকদের হাতে সনদ তুলে দেওয়া হয়। ছবি: সমকাল

পঞ্চগড় ও তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৬ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৬

পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকের দক্ষতা উন্নয়ন ও আত্ম কর্মসংস্থানের মাসব্যাপী ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ’ প্রদান ও সনদপত্র বিতরণ করেছে বিজিবি।

আজ রোববার সকালে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর উচ্চ বিদ্যালয় হলরুমে সীমান্তের ৩৩ জন যুবকের হাতে সনদ তুলে দেন ঠাকুরগাঁও সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ। প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করা প্রশিক্ষণার্থীদের মাঝে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং টুলস বিতরণ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি বিভিন্ন মানবিক ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সীমান্ত এলাকার যুবকেরা নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করতে পারবেন এবং আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবেন। সেই সঙ্গে সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে বলেও জানায় বিজিবি।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রোপচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বিজিবি।

অনুষ্ঠানে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক জিয়াউর রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) পঞ্চগড়ের প্রশিক্ষকসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×