সড়কটির ৫০০ মিটারজুড়ে অনেক গর্ত
সংস্কার নেই। সড়কটির স্থানে স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। গত শুক্রবার আমতলীর নতুন বাজার চৌরাস্তার পাশে সবজি ও মাছ বাজারের সামনের সড়কে। ছবি: সমকাল
আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৫৯
বরগুনার আমতলীর নতুন বাজার সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা এবং জেলা শহর বরগুনায় যাতায়াতকারী মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাভুক্ত হওয়ায় পৌরসভা কর্তৃপক্ষও এটি সংস্কার করছে না। বর্ষা মৌসুমে সড়কের গর্তে বৃষ্টির পানি জমে ও কাদায় সাধারণ মানুষের চলাফেরা করা দুষ্কর হয়ে পড়েছে। এসব গর্তে প্রায়ই রিকশা বা অটোরিকশা উল্টে যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
বরগুনা সড়ক ও জনপথ কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী নতুন বাজার-বরগুনা আঞ্চলিক সড়কটি ২০২০ সালে সংস্কার করা হয়। চলতি বছর পটুয়াখালী-কুয়াকাটা সড়ক সংস্কার করা হলেও আমতলী নতুন বাজার থেকে বরগুনার সঙ্গে সংযুক্ত আমতলী ফেরিঘাট পর্যন্ত ৮০০ মিটার সড়ক সংস্কার করা হয়নি। দীর্ঘদিন সংস্কার না করায় নতুন বাজার চৌরাস্তার পাশে সবজি ও মাছ বাজারের সামনের অংশসহ প্রায় ৫০০ মিটারজুড়ে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এই সড়কটির পাশেই রয়েছে আমতলী পৌরসভার প্রধান সবজি ও মাছ বাজার। প্রতিদিন হাজারও মানুষ এখানে কেনাকাটা করতে আসেন। এ ছাড়া পটুয়াখালী, মহিপুর, যশোর, সাতক্ষীরা ও খুলনাসহ বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা ট্রাকযোগে মাছ ও সবজি নিয়ে এই বাজারে আসেন। পাশাপাশি জেলা শহর বরগুনায় যোগাযোগের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।
রোববার সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, আমতলী নতুন বাজার চৌরাস্তা মোড় থেকে মাছ বাজার পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়কের পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তের গভীরে থাকা খোয়া উঠে কাদামাটি ও বৃষ্টির পানিতে একাকার হয়ে আছে পুরো সড়ক। মাঝেমধ্যে অটোরিকশা ও রিকশা গর্তে আটকে গিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।
বাজারে সবজি কিনতে আসা হাসানুল বান্না বলেন, সড়ক বেহাল থাকায় বাজারে আসার সময় কাদা-পানিতে কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। কেনাকাটা শেষে বাসায় ফিরে আবার গোসল
করতে হয়।
পাইকারি মাছ বিক্রেতা মো. বারেক প্যাদা জানান, রাস্তা ভাঙা থাকার কারণে কোনো পাইকার বা পণ্যবাহী গাড়ি এই বাজারে আসতে চায় না।
মাছ বাজারের পাশের মুদি ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, রাস্তা খারাপ থাকায় বাজারে ক্রেতার সমাগম কমে গেছে। ফলে আমাদের বিক্রিও অনেক কমে গেছে।
এ বিষয়ে বরগুনা সওজ-এর উপসহকারী প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, সপ্তাহখানেকের মধ্যে সাময়িকভাবে গর্তগুলো মেরামত করা হবে। তিনি জানান, সড়কের পাশে মাছ ও সবজি বাজার থাকায় অতিরিক্ত লোড এবং পানি জমার কারণে পিচ উঠে গর্তের সৃষ্টি হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য আগামী অর্থবছরে আরসিসি ঢালাই দিয়ে সড়কটি সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে।
- বিষয় :
- বরগুনা