কিশোরগঞ্জ
ট্রাফিক বক্সের জায়গায় অস্থায়ী দোকান
প্রতীকী ছবি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৪
পাঁচ বছর আগে কিশোরগঞ্জ শহরের পুরাতন থানা মোড়ের তিন রাস্তার মোহনা, হাসপাতাল-সংলগ্ন বটতলা মোড় এবং গাইটাল বাস টার্মিনালে স্থাপন করা হয়েছিল তিনটি ট্রাফিক বক্স। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় ৫ আগস্ট পুরান থানা মোড়ের ট্রাফিক বক্সটি গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ হওয়া সেই ট্রাফিক বক্সটির খালি জায়গা দখল করে বসানো হয়েছে কয়েকটি অস্থায়ী দোকান।
স্থানীয়দের অভিযোগ, কিশোরগঞ্জ শহর বর্তমানে একটি তীব্র যানজটের শহরে পরিণত হয়েছে। বিশেষ করে একরামপুর মোড়, পুরাতন থানা মোড়, গৌরাঙ্গবাজার মোড়, জাহাঙ্গীরের মোড় ও আখড়াবাজার মোড়েই বেশি যানজটের সৃষ্টি হয়। পুরাতন থানা মোড়ের ট্রাফিক বক্সটি আশপাশের একটি বিরাট এলাকার যানজট নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থানের সময় ট্রাফিক বক্সটি গুঁড়িয়ে দেওয়ার পর আর সেখানে ট্রাফিক বক্স স্থাপনে পুলিশ বিভাগ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এই সুযোগে ট্রাফিক বক্সের খালি জায়গায় কয়েকটি অস্থায়ী দোকান বসানো হয়েছে। রাজনৈতিক প্রভাবশালীরা এসব দোকান বসিয়ে নিয়মিত ভাড়া ওঠাচ্ছেন।
স্থানীয় বাসিন্দা বাসির উদ্দিন ও রফিকুল ইসলামসহ কয়েকজন বলেন, পুরান থানা ট্রাফিক বক্সের ৫০ গজের মধ্যেই রয়েছে একরামপুর মোড়। বর্তমানে এখানেই শহরের সবচেয়ে বেশি যানজট পোহাতে হয়। পুরাতন থানা মোড়ের ট্রাফিক বক্সে বেশ কয়েকজন ট্রাফিক পুলিশ অবস্থান করে থানা মোড়, একরামপুর মোড় ও গৌরাঙ্গবাজার মোড়সহ পুরো এলাকার যানজট নিয়ন্ত্রণে একটি কার্যকর ভূমিকা রাখতে পারতো। অথচ পুলিশ বিভাগের পক্ষ থেকে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে নতুন করে ট্রাফিক বক্স বসানোর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।
কিশোরগঞ্জ সদরের ট্রাফিক পরিদর্শক মো. জহির সমকালকে জানান, পুরান থানা এলাকার ট্রাফিক বক্সটি খুব দরকার ছিল। এটি যানজট নিয়ন্ত্রণে যেমন ভূমিকা রাখতে পারত, আবার ট্রাফিক পুলিশরা একনাগাড়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে মাঝে মাঝে ট্রাফিক বক্সে কিছুটা সময়ের জন্য বিশ্রাম নিতে পারতেন। ঝড়-বৃষ্টি হলেও বক্সে গিয়ে আশ্রয় নিতে পারতেন। এখন সেই সুযোগটি বন্ধ হয়ে গেছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. মিজানুর রহমানও পুরান থানা এলাকায় একটি ট্রাফিক বক্সের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন। তিনি জানান, সেখানে একটি ট্রাফিক বক্স খুবই দরকার। নতুন করে আবারও সেখানে একটি ট্রাফিক বক্স নির্মাণের কথা তিনি ভাবছেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ