নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে চালক নিহত
চাঁদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। ছবি: সমকাল
নাটোর সংবাদদাতা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩১
নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্র (৫০) নামের এক অ্যাম্বুলেন্সচালক নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন চন্দ্র বগুড়া জেলার শেরপুর উপজেলার ভাটরা গ্রামের মৃত গোবর্ধনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী থেকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স নাটোরের দিকে যাচ্ছিল। পথে চাঁদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে অ্যাম্বুলেন্সচালক স্বপন চন্দ্র ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।