বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত, আহত ৩
প্রতীকী ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫৮
বগুড়ায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে পাঁচ যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথে ঢাকা-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকায় হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। অটোরিকশার আরও তিন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে পুলিশও ঘটনাস্থলে যায়।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে গেছে। বাসটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বগুড়া
- বাসের ধাক্কায় নিহত