ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জ কারাগারের কয়েদি-হাজতির ঢামেকে মৃত্যু

কেরানীগঞ্জ কারাগারের কয়েদি-হাজতির ঢামেকে মৃত্যু
×

প্রতীকী ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৪৩

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের এক কয়েদি ও এক হাজতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার রাতে পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলেন কয়েদি সোহরাব হোসাইন (৫৫), কয়েদি নম্বর ৭১৮/এ এবং হাজতি মো. আজিম উদ্দিন (৩২), হাজতি নম্বর ৭৫৮/এ।

কারা সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহরাব হোসাইন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়। তিনি নওগাঁর মান্দা থানার রাঙ্গামাটি গ্রামের বাসিন্দা।

অপরদিকে, রোববার কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজিম উদ্দিনকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি ঢাকার আশুলিয়ার শান্তিপাড়া এলাকায়। তাঁর বাবার নাম আব্দুল আহাদ।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য দুজনের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×