ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের মারামারি, আহত ৫

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের মারামারি, আহত ৫
×

ছবি: সমকাল

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:২৩ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল খেলাকে কেন্দ্র করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে আন্তঃবিভাগ ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

জানা গেছে, খেলায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এক গোলে এগিয়ে ছিল। খেলার শেষ মুহূর্তে বল থ্রো-ইনে গেলে বল আনতে যান হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর। এ সময় দর্শক সারিতে থাকা ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা বল দিতে সময়ক্ষেপণ করলে তাঁদের সঙ্গে মশিউরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে।

এতে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়ুন কবির এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মশিউর, আলিফ খান, আলিফ রাহাত ও তোফাজ্জল আহত হন। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী হুমায়ুন কবির বলেন, বল নিয়ে কথা কাটাকাটির পর একজন তাকে পেছন থেকে ফেলে দেন। এরপর অন্যরা তাকে এলোপাতাড়ি পা দিয়ে মাথা ও মুখে লাথি মারতে থাকেন। এতে তার মুখ ও দাঁত ফেটে গেছে।

অন্যদিকে, আহত হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী আলিফ খানের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বক্তব্য দিতে রাজি হননি।

বিশ্ববিদ্যালয় মেডিকেলের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বদিউজ্জামান বলেন, আহত অবস্থায় কয়েকজন শিক্ষার্থী মেডিকেলে আসেন। তাঁদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাকি দুজনের একজনের মাথা ফেটে গেছে এবং অন্যজনের ঠোঁট কেটে যাওয়া ও দাঁতে আঘাত পাওয়ায় সেলাই দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, দুই বিভাগের সঙ্গে বসে বিষয়টি সমাধান করা হয়েছে। খেলাটি স্থগিত রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত রেফারি তার নিয়ম অনুযায়ী নেবেন।

আরও পড়ুন

×