ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জয়পুরহাটে সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

জয়পুরহাটে সাজেদা হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
×

ছবি: সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩২

জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় চাঞ্চল্যকর গৃহবধূ সাজেদা ইসলাম সাজু হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক হাসিবুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বী হোসেন ও একই এলাকার আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, গৃহবধূ সাজেদা ইসলাম সাজু জয়পুরহাট শহরের জানিয়ার বাগান এলাকায় একটি ভাড়া বাসায় ছোট মেয়েকে নিয়ে থাকতেন। তার স্বামী সিলেট শহরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এ কারণে তিনি মেয়েকে নিয়ে ওই বাসায় একাই বসবাস করতেন।

মেয়ের স্থানীয় একটি স্কুলে পড়াশোনার সুবাদে ওই স্কুলের কম্পিউটার অপারেটর আবু সাঈদের সঙ্গে সাজেদার পরিচয় হয়। ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর তার মেয়ে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে গেলে আসামিরা সাজেদার বাড়িতে এসে অনৈতিক প্রস্তাব দেন। এতে সাজেদা বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তাঁর মুখে কসটেপ লাগিয়ে, হাত বেঁধে এবং গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়।

পরীক্ষা শেষে মেয়ে বাসায় ফিরে মেঝেতে মায়ের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করতে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

আরও পড়ুন

×