ভাত খাওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, কিশোর চাচাতো ভাই গ্রেপ্তার
ছবি: সমকাল
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:২৩
কুষ্টিয়ার কুমারখালীতে ভাত খাওয়ার কথা বলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৩) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই ছাত্রী ও কিশোর সম্পর্কে চাচাতো ভাই-বোন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুই বছর আগে ক্যানসারজনিত রোগে ওই ছাত্রীর মা মারা যান। এরপর থেকে সে তার দাদির কাছে থাকে। গত ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে ছাত্রীর বাবা অভিযুক্ত কিশোরকে ১০ টাকা দেন। টাকাটা তার মেয়েকে দেওয়ার জন্য নিজ বাড়িতে ওই কিশোরকে পাঠান। তখন তার মেয়ে নিজ ঘরে ভাত খাচ্ছিল। সে সময় ভাত খাওয়ার কথা বলে ওই ছাত্রীকে ধর্ষণ করে কিশোর।
পুলিশ জানায়, ভিকটিম ও আসামি সম্পর্কে চাচাতো ভাই-বোন। ঘটনাটি ধামাচাপা দিতে পারিবারিকভাবে তারা মীমাংসা করতে চেয়েছিল। তবে গতকাল সোমবার পুলিশ বিষয়টি জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপর ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। ওই মামলায় আজ মঙ্গলবার সকালে আসামিকে গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী বলেন, মেয়েকে ১০ টাকা দেওয়ার জন্য ওই ছেলেকে বাড়িতে পাঠিয়েছিলাম। তখন আমার মেয়ে ভাত খাচ্ছিল। সে সময় ভাত খাওয়ার কথা বলে লম্পট ছেলে আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি বিচারের আশায় মামলা করেছি।
তবে মীমাংসার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি বলে জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।