সাব্বির হত্যা: মামলা বাতিলে তারেকের আবেদনে রায় ১৬ মার্চ
×
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ | ০৮:১৮
বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ এনে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয় জনের বিরুদ্ধে করা মামলা বাতিলের বিষয়ে হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। আগামি ১৬ মার্চ ঘুষ গ্রহণের ওই মামলা বাতিল হবে কি-না,সে বিষয়ে রায়ের দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি মাহমুদুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রায়ের এই দিন ধার্য করেন।
মামলার নথি থেকে জানা গেছে, ২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির খুন হলে একটি হত্যা মামলা হয়। ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর দুদকের উপ-পরিচালক আবুল কাসেম রাজধানীর রমনা থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করেন। মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনকে আসামি করা হয়। তবে ২০০৮ সালের ২৩ এপ্রিল তারেকসহ আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
এর পর ওই বছরের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে বিশেষ জজ আদালতে অভিযোগও গঠন করা হয়। এ পর্যায়ে তারেক রহমানসহ চারজন হাইকোর্টে ওই মামলা বাতিল চেয়ে আবেদন করেন। তারেক ছাড়া অন্যরা হলেন- সাবেক চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বসুন্ধরা গ্রুপের পরিচালক আবু সুফিয়ান ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল। পরে মামলা বাতিলের আবেদনের শুনানি নিয়ে ২০০৬ সালে হাইকোর্ট রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিত করেন। মঙ্গলবার ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট রায়ের দিন ধার্য করা হয়।
আদালতে তারেকের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
দুদকের পক্ষে ছিলেন মোহাম্মদ খুরশীদ আলম খান।
তিনি সাংবাদিকদের বলেন, 'মামলা বাতিলের বিষয়ে তারেক রহমানের করা আবেদনের ওপর রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে ১৬ মার্চ রায় দেওয়া হবে।'
প্রসঙ্গত, তারেক রহমান জরুরি অবস্থার সময় গ্রেফতার হলেও ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ‘চিকিৎসার জন্য’ যুক্তরাজ্যে যান। এর পর থেকে পরিবার নিয়ে তিনি সেখানেই আছেন।