ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আইনের ফাঁকফোকরের কারণে ছিনতাইকারীদের আটকে রাখা যাচ্ছে না

আইনের ফাঁকফোকরের কারণে ছিনতাইকারীদের আটকে রাখা যাচ্ছে না
×

আলী হোসেন ফকির

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২৮ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৯

| প্রিন্ট সংস্করণ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনের ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দীর্ঘদিন আটকে রাখা যাচ্ছে না। তিনি বলেন, ছিনতাই, মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। প্রত্যেক মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী একাধিকবার আইনের আওতায় এসেছে। আইনের ফাঁকফোকরের কারণে তাদের আবদ্ধ রাখতে পারিনি। 

গতকাল শনিবার সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এক পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আইজিপি এসব কথা বলেন। ‘আমার শহর, আমার দেশ: পরিচ্ছন্নতায় বদলে যাবে বাংলাদেশ’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে কমিউনিটি ব্যাংক। 

আলী হোসেন ফকির বলেন, আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এসে তারা আবার একই অপরাধে জড়িয়ে পড়ছে। তেমনি জামিনে বেরিয়ে এসে ছিনতাই করতে গিয়ে একজন শিক্ষককে মেরে ফেলা হলো। এই বিষয়গুলো প্রতিরোধ করতে জনগণের সহযোগিতা প্রয়োজন। কারণ, এক হাজার জনগণের জন্য মাত্র একজন পুলিশ রয়েছে। তাই সমাজের সব শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে আইন প্রয়োগ করা দরকার। 

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশকে জনবান্ধব হতে হবে উল্লেখ করে আইজিপি বলেন, জুলাই বিপ্লবের পর পুলিশ যেখানেই যাচ্ছে না কেন, প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। কেন? পুলিশ তো একটা বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়ার জন্য, অন্যায়-অবিচারের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। পুলিশ কাজ করতে না পারলে সমাজে কী ধরনের বিশৃঙ্খলা হয়, সেটি অতীতে দেখা গেছে।

ষড়যন্ত্রকারী আপনাদের-আমাদের সবার ভেতরেই আছে 
শুধু পুলিশ বা সাংবাদিক নন, দেশের সবখানেই ‘ষড়যন্ত্রকারী’ আছে– মন্তব্য করে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। গতকাল শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, ‘আপনারা জানেন, যখনই আমরা কোনো অন্যায়-অবিচার-দুর্নীতির বিরুদ্ধে কাজ করি, তখন আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের গুজব ছড়ানো হয়; মিথ্যা অপবাদ দেওয়া হয়। এগুলো হলুদ সাংবাদিকতা।’ 

আরও পড়ুন

×