ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ

ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩০৭৯

ফেল থেকে পাস ৪৫৮৫, নতুন করে জিপিএ-৫ পেল ৩০৭৯
×

ফাইল ছবি/সাজ্জাদ নয়ন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:১৯ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩০

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর খাতা পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে সারা দেশে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন। শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এবার মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী। সব মিলিয়ে মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র বা স্ক্রিপ্ট পুনর্মূল্যায়ন করা হয়। 

নিরীক্ষা শেষে দেখা যায়, ৫৬ হাজার ২৫৯টি খাতায় নম্বরের পরিবর্তন হয়েছে। এর ভিত্তিতে চূড়ান্তভাবে ওই ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়।

পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে মোট ৩ লাখ ৪১ হাজার ৬২৫ জন আবেদনকারীর মধ্যে ২৫ হাজার ৬২০ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩ হাজার ৬৬৬ জন এবং নতুন জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৪০ জন। 

একক বোর্ড হিসেবে ঢাকা বোর্ডে সর্বোচ্চ সংখ্যক ৯৪ হাজার ২৩৬ জন শিক্ষার্থী আবেদন করে, যেখানে ৮ হাজার ৯৯৯ জনের গ্রেড পরিবর্তন হয়েছে এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৯০৬ জন। তবে ফেল থেকে পাসের দিক দিয়ে সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ময়মনসিংহ বোর্ডে, যেখানে ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে এবং ৭৭৭ জন নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে।  এছাড়া মাদ্রাসা বোর্ডে ২৫৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬৬৪ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। 

আরও পড়ুন

×