ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ক্যাম্পাস সংবাদ

ক্যাম্পাস সংবাদ
×

 ক্যাম্পাস ডেস্ক 

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৪

বাংলাদেশ ইউনিভার্সিটির ফ্যামিলি ডে

কর্মব্যস্ততার একঘেয়েমি ভুলে আনন্দ, উচ্ছ্বাস আর সৌহার্দ্যের আবহে উৎসবমুখর হয়ে উঠেছিল বাংলাদেশ ইউনিভার্সিটির (ইট) স্থায়ী ক্যাম্পাস। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং কর্মস্পৃহা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘ফ্যামিলি ডে ২০২৬’।

সকাল থেকে শুরু হওয়া এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ। কর্মক্ষেত্রের আনুষ্ঠানিকতার বাইরে সবাই মেতে ওঠেন আনন্দ ও বিনোদনের নানা আয়োজনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি  ইঞ্জিনিয়ার এম এ গোলাম দস্তগীর, বিইউর উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, পরিচালক (পিআর) সোহেল আহসান নিপু, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধান ও কর্মকর্তারা। দিনব্যাপী আয়োজনে ছিল ফান অ্যান্ড ফ্রেন্ডলি শর্টপিচ ক্রিকেট ম্যাচ, মিউজিক্যাল চেয়ার, পেনাল্টি শুট, হাঁড়ি ভাঙা, ক্যারম প্রতিযোগিতাসহ নানা ধরনের খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি আয়োজনই পরিণত হয় আনন্দ ও উচ্ছ্বাসের উপলক্ষে। 
অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের সবার একটি পরিবার। একটি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে শুধু একাডেমিক কার্যক্রম নয়, এর সঙ্গে যুক্ত প্রত্যেক মানুষের আন্তরিকতা, পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যামিলি ডের মতো আয়োজন আমাদের সেই পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করে। সম্প্রীতি ও দলগত চেতনা আরও জোরদার করার ক্ষেত্রে ‘ফ্যামিলি ডে ২০২৬’ একটি আনন্দঘন ও স্মরণীয় আয়োজন হিসেবে উপস্থিত সবার মধ্যে সাড়া ফেলে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক মো. জাকির হোসেন

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) নতুন উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মো. জাকির হোসেন। ১৩ সেপ্টেম্বর তিনি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। এ উপলক্ষে  বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো  হয়। অধ্যাপক মো. জাকির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং আইবিএ থেকে ফাইন্যান্সে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে প্রফেসর অব ম্যানেজমেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিরেক্টর অব স্টাডিজ ও ডিন এবং যুক্তরাজ্যের আইকন কলেজ অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টে (যুক্তরাজ্যের লিংকন বিশপ ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্বে পরিচালিত) প্রফেসর অব ম্যানেজমেন্ট স্টাডিজ হিসেবে দায়িত্ব পালন করেন। v
 

আরও পড়ুন

×