স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস
বিশ্বে ইউআইইউ চতুর্থ
উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা ও পরিচালন সক্ষমতার সফল প্রয়োগ করেছে ইউআইইউ
খন্দকার জামিল
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৬
মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (SUAS) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এরিয়াল রোবটিক্স টিম। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়েই বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটির এ অর্জন দেশের রোবটিক্স ও প্রযুক্তি অঙ্গনে উল্লেখযোগ্য সাফল্য।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ যুক্তরাষ্ট্রের ওকলাহোমার টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়। প্রতিকূল আবহাওয়া, উচ্চ বাতাসের গতি ও তাপমাত্রাজনিত চ্যালেঞ্জের মধ্যেও এরিয়াল রোবটিক্স টিম উদ্ভাবনী প্রযুক্তি, প্রকৌশল দক্ষতা ও পরিচালন সক্ষমতার সফল প্রয়োগ করে। তাৎক্ষণিক কৌশলগত পরিবর্তন ও প্রযুক্তিগত সমন্বয়ের মাধ্যমে দলটি সফলভাবে নির্ধারিত মিশন সম্পন্ন করে চতুর্থ স্থান অর্জন করে।
প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে বিশ্বের বিভিন্ন দেশের ৮১টি দল অংশ নেয়। এর মধ্যে ৬৭টি দল চূড়ান্ত ফ্লাইং প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। পরবর্তী ধাপে ৬৪টি দল ফ্লাইট রেডিনেস অনুমোদন পায় এবং শেষ পর্যন্ত ৫৮টি দল ফ্লাইট পরিচালনা করে। প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইট পরিচালনার সময় ২১টি দল ক্র্যাশের শিকার হয়। এমন কঠিন পরিস্থিতিতেও এরিয়াল রোবটিক্স টিম সফলভাবে মিশন সম্পন্ন করে। প্রতিযোগিতায় কর্নেল ইউনিভার্সিটি, মোনাশ ইউনিভার্সিটি, দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড এবং ওয়ারশ ইউনিভার্সিটি অব টেকনোলজির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের দল অংশ নেয়। এসব শক্তিশালী আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এরিয়াল রোবটিক্স টিমের চতুর্থ স্থান অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ অর্জন।
এবারের প্রতিযোগিতায় এরিয়াল রোবোটিক্স টিমসেফটি ইন্সপেকশন’ ও ‘র্যাপিড রেসপন্স’ বিভাগে পূর্ণ নম্বর অর্জন করে। পাশাপাশি দলটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে মিশন সম্পন্ন করার সক্ষমতা প্রদর্শন করে। এ সাফল্যের পেছনে রয়েছে দীর্ঘদিনের গবেষণা, নকশা প্রণয়ন, প্রকৌশল উন্নয়ন, নির্মাণ, পরীক্ষা-নিরীক্ষা ও ধারাবাহিক পরিমার্জনের সম্মিলিত প্রচেষ্টা। দলটির তৈরি স্বয়ংক্রিয় আনম্যানড এরিয়াল ভেহিকেলে রয়েছে স্বয়ংক্রিয় নেভিগেশন, আকাশপথের মানচিত্র তৈরি, বস্তুর শনাক্তকরণ, পে-লোড সরবরাহ, বাধা শনাক্ত ও এড়িয়ে চলা এবং বিভিন্ন নিরাপত্তাব্যবস্থা। এসব প্রযুক্তির সমন্বিত প্রয়োগই প্রতিকূল পরিবেশে সফলভাবে মিশন সম্পন্ন করতে দলটিকে সক্ষম করেছে।প্রথমবার আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় অংশ নিয়েই বিশ্বসেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চতুর্থ স্থান অর্জন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ফ্যাকাল্টি সদস্যদের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য।
- বিষয় :
- মার্কিন যুক্তরাষ্ট্র