ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

থাইল্যান্ডে ভয়াবহ বন্যা, ৫ লাখ ৮০ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত

থাইল্যান্ডে ভয়াবহ বন্যা, ৫ লাখ ৮০ হাজারের বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত
×

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২২:১২

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ বন্যায় কোথাও কোথাও কোমরসমান পানিতে ডুবে গেছে সড়ক ও আবাসিক এলাকা। সপ্তাহান্তের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় হাজারো মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন কেন্দ্রে। এদিকে পূর্বাঞ্চলের কয়েকটি জলাধারে পানি ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় নতুন করে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের ৪১টি প্রদেশ বন্যাকবলিত হয়েছে। এতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ লাখ ৮০ হাজারের বেশি বাড়ি। বন্যাকবলিত এলাকায় ৮০ হাজারের বেশি মানুষ বাড়ি থেকে বের হতে পারছেন না।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব উনসিত সামপুনথারাত বলেন, ত্রাণ কার্যক্রমে ভাসমান রান্নাঘর ও নৌযান ব্যবহার করা হচ্ছে। বন্যার পুরো সময় এবং পানি নেমে যাওয়ার পর অন্তত আরও সাত দিন সব বাসিন্দাকে দিনে তিন বেলা খাবার দেওয়ার লক্ষ্য রয়েছে।

ব্যাংককে প্রায় ৬ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে
ব্যাংককের বিভিন্ন এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। গত সপ্তাহে দুই থেকে তিন দিনে রাজধানীতে ৩২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়, যা পুরো সেপ্টেম্বর মাসে শহরটিতে সাধারণত যে পরিমাণ বৃষ্টি হয় তার কাছাকাছি।

ব্যাংকক কর্তৃপক্ষ জানিয়েছে, নগরীর ২৩৪টি আশ্রয়কেন্দ্রে ৫ হাজার ৯০১ জন আশ্রয় নিয়েছেন।

ব্যাংককের বাসিন্দা ৬০ বছর বয়সী বাংগর্ন দেদনুয়াম বন্যার মধ্যে খাবারের সন্ধানে বের হয়ে বলেন, ঘরে পর্যাপ্ত খাবার মজুত করতে না পারায় তাদের খাবার শেষ হয়ে গেছে। সময়মতো জিনিসপত্রও সরিয়ে নিতে পারেননি তারা।

বন্যায় থাইল্যান্ডজুড়ে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ১ হাজার ১০০ কোটি বাত বা প্রায় ৩২ কোটি ৭০ লাখ ডলার হতে পারে বলে জানিয়েছেন রাংসিত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আত পিসানওয়ানিচ। পরিস্থিতির উন্নতি না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি সতর্ক করেছেন।

তিনি বলেন, বন্যার কারণে চলতি বছরের জিডিপি প্রবৃদ্ধি ০ দশমিক ৩ শতাংশীয় পয়েন্ট কমে ২ দশমিক ১ শতাংশে নেমে আসতে পারে। তৃতীয় প্রান্তিকের প্রবৃদ্ধিও প্রায় ০ দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট কমে ১ দশমিক ৭ শতাংশ হতে পারে।

ইউনিভার্সিটি অব দ্য থাই চেম্বার অব কমার্সের হিসাবে, শুধু ব্যাংককেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০০ কোটি বাত হতে পারে। প্রতিষ্ঠানটির হিসাবে, দেশজুড়ে মোট ক্ষতির পরিমাণ ১ হাজার ২৩০ কোটি বাতের কাছাকাছি হতে পারে।

পানির মধ্যেই চলছে বাজার
ব্যাংককের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি বাং কপিতে বন্যার পানির মধ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বের হচ্ছেন মানুষ। কিছু ব্যবসায়ী পানিতে ভাসমান প্লাস্টিকের বাক্স ও ড্রাম ব্যবহার করে পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন।

ব্যবসায়ী মারিসা সিংপ্রাখন দোকানের পণ্য নিয়ে বাজারের প্রান্তে এসে দাঁড়িয়েছেন, যাতে ক্রেতাদের পানির মধ্যে বেশি দূর যেতে না হয়। তবে তাকেও হাঁটুপানিতে দাঁড়িয়ে পণ্য বিক্রি করতে হচ্ছে।

রাজধানীর বাইরে উপকূলীয় প্রদেশ রায়ংয়ে দুটি জলাধারের পানি ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ার আশঙ্কায় সোমবার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। প্রদেশটি দেশটির গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের পাশেই অবস্থিত।

এর আগে গত বছরের দক্ষিণাঞ্চলের ভয়াবহ বন্যায় অন্তত ১৪৫ জনের মৃত্যু হয়েছিল। তিন দিনে ৬৩০ মিলিমিটার বৃষ্টিপাতের পর ওই বন্যায় ৩৩ হাজারের বেশি বাড়ি প্লাবিত হয় এবং স্কুল, হাসপাতাল ও মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরও পড়ুন

×