রাজশাহী সিটি নির্বাচন: যান চলাচলে যেসব নির্দেশনা দিল পুলিশ
রাজশাহী সিটি নির্বাচনের জন্য বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। ছবি: শরিফুল ইসলাম তোতা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২০ জুন ২০২৩ | ১১:২১ | আপডেট: ২০ জুন ২০২৩ | ১১:৪১
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার। এ উপলক্ষে বেশকিছু নির্দেশনা মেনে চলতে হবে। রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) এসব নির্দেশনা জারি করেছে। নির্দেশনাগুলো মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হবে।
মঙ্গলবার মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে মহানগর এলাকায় মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ট্রাক, বাস, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, ইজিবাইক, লঞ্চ, ট্রলার, স্পিডবোট, টেম্পো, বেবিট্যাক্সি/অটোরিকশা এবং অন্য সব যন্ত্রচালিত যানবাহন, নছিমন, করিমন, ভটভটি, টমটম ইত্যাদি চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’
এ ছাড়া সোমবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা ইতোমধ্যে কার্যকর হয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে কার্যকর হবে না। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের (পরিচয়পত্র থাকতে হবে) ক্ষেত্রে এই বিধিনিষেধ শিথিলযোগ্য। এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ সেবা- যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।’
এ ছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর, জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে নৌযান ও দূরপাল্লার নৌযান চলাচলের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।