ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনোমি ক্লাবের আয়োজন

মহাজাগতিক বিস্ময় ও তরুণ বিজ্ঞানীদের স্বপ্নযাত্রা

মহাজাগতিক বিস্ময় ও তরুণ বিজ্ঞানীদের স্বপ্নযাত্রা
×

অ্যাস্ট্রোনোমিক্যাল অ্যাপোজি ২০২৬-এ অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাজ পর্যবেক্ষণ করছেন কমিটির সদস্যরা। দ্বিতীয় ছবিটি উৎসবের অফিসিয়াল পোস্টার ছবি : ভিএনএসি

নুসাইবা মুশতাহেরা ও সাওদা সুবাইতা

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৪

| প্রিন্ট সংস্করণ

বিজ্ঞানমনস্কতা ও মহাকাশ গবেষণায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখায় অনুষ্ঠিত হয়–তৃতীয় ইন্টার অ্যাস্ট্রোনোমিক্যাল অ্যাপোজি ২০২৬।
ভিকারুননিসা নূন অ্যাস্ট্রোনোমি ক্লাব তিন দিনের এই বিজ্ঞান উৎসবের আয়োজন করে। রাজধানীর ১৮টি স্কুল ও কলেজের শিক্ষার্থীদের পদচারণায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রূপ নেয় মিনি মহাকাশ গবেষণা কেন্দ্রে!

উদ্বোধন ও প্রাথমিক প্রতিযোগিতা
উৎসবের প্রথম দিনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে অনুষ্ঠিত হয় অ্যাস্ট্রোনোমি অলিম্পিয়াডের জুনিয়র ও প্রাক-সেকেন্ডারি পর্ব, পেইন্টিং প্রতিযোগিতা, স্টার ম্যাপিং, টিমবেসড কুইজের বাছাই পর্ব এবং স্ক্র্যাপবুক ও ফটোগ্রাফি বিচারকার্য।

মূল আকর্ষণ ছিল দ্বিতীয় দিনে
উৎসবের দ্বিতীয় দিনটি ছিল সবচেয়ে জমকালো ও আনন্দমুখর। দিনজুড়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। এই দিনে আয়োজিত হয় প্রজেক্ট ডিসপ্লে এবং দেয়াল পত্রিকা প্রদর্শনী, যেখানে শিক্ষার্থীরা বাস্তবসম্মত ও উদ্ভাবনী মহাকাশবিষয়ক প্রজেক্ট তুলে ধরে। লোকচিত্রপ্রেমীদের নজর কাড়ে অ্যাস্ট্রোনোমিক্যাল ফটোগ্রাফি প্রদর্শনী, যেখানে সারাদেশ থেকে সংগৃহীত শত শত ছবির মধ্যে সেরা ৬০টি বাছাইকৃত ছবি প্রদর্শিত হয়। এছাড়া অ্যাস্ট্রোনোমি অলিম্পিয়াডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্ব, কসমিক কেস সলভিং, মুভিবেসড কুইজ, এক্সটেম্পোর স্পিচ এবং আধুনিক অনলাইন প্ল্যাটফর্ম ‘কাহুট’-এর মাধ্যমে লাইভ অ্যাস্ট্রো কুইজ ফাইনাল অনুষ্ঠিত হয়।

সিনেমা প্রদর্শন ও সমাপনী অনুষ্ঠান
উৎসবের শেষ দিনে ক্লাবের সদস্যদের জন্য আয়োজন করা হয় বিশেষ সিনেমা স্ক্রিনিং–প্রজেক্ট হেইল মেরি। বিকেলে জাঁকজমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে তিন দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা  ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মো. ইসমাঈল জবিউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রাণ কনফেকশনারির ডেপুটি জেনারেল ম্যানেজার সাখাওয়াত আহমেদ সাকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ভিএনএসি-এর অধ্যক্ষ মাজেদা বেগম। অনুষ্ঠানের বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মডারেটর পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক সালমা আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে মহাকাশ বিজ্ঞানের চর্চা ছড়িয়ে দিতে এই উৎসবের আয়োজন। নতুন প্রজন্মের এমন আগ্রহ ও তাদের গভীর গাণিতিক ও বৈজ্ঞানিক দক্ষতা আমাদের ভবিষ্যৎ বিজ্ঞানচর্চার জন্য অত্যন্ত আশাব্যাঞ্জক।’
অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং তরুণ প্রজন্মকে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও এগিয়ে আসার আহ্বান জানান। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উৎসব শিক্ষার্থীদের মাঝে নতুন জ্ঞান অর্জন ও বিজ্ঞানভিত্তিক চিন্তা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দৈনিক সমকাল।u
লেখক: অ্যাক্সিকিউটিভ, ভিকারুননিসা 
নূন অ্যাস্ট্রোনোমি ক্লাব

আরও পড়ুন

×