ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাকিবের বক্তব্যে নাখোশ বিসিবি

সাকিবের বক্তব্যে নাখোশ বিসিবি
×

সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২১ | ১২:০০ | আপডেট: ২১ মার্চ ২০২১ | ২০:৩৮

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের দুর্বল পারফরম্যান্স দেখে হতাশায় ভুগছিলেন সমর্থকরা। ক্রিকেট নিয়ে দেশেও তেমন উত্তাপ ছিল না। ক্রিকেটের সে নিরুত্তাপ পরিবেশ হঠাৎ করেই গরম হয়ে উঠেছে সাকিব আল হাসানের কিছু বক্তব্যে।

শনিবার রাতে একটি ওয়েবসাইটের ফেসবুক লাইভে এসে বিসিবি পরিচালকদের কাজ নিয়ে প্রশ্ন তোলেন বাঁহাতি এ অলরাউন্ডার। তার বক্তব্যে ক্ষুব্ধ হয়ে পরিচালক আকরাম খান ও নাঈমুর রহমান দুর্জয় গতকাল সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন। সভা শেষে আকরাম মিডিয়াকে জানান, সাকিবকে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে বলবেন তারা। সেক্ষেত্রে তাকে দেওয়া আইপিএলে খেলার ছাড়পত্র বাতিল করা হবে। বিসিবির পরিচালনা পর্ষদের সভায়ও সাকিব ইস্যুতে আলোচনা করবেন তারা।

এপ্রিলে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে যাবে বাংলাদেশ দল। যে সময়ে আইপিএলের খেলা রয়েছে। সাকিব আইপিএলে খেলার জন্য ছাড়পত্র চেয়ে চিঠি দিলে সেটা অনুমোদন করেন বিসিবি সভাপতি। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান তখন বলেছিলেন, 'সাকিব চিঠি দিয়েছে শ্রীলঙ্কায় টেস্ট না খেলে আইপিএলে খেলার জন্য। বোর্ড সভাপতি তাকে অনুমতি দিয়েছেন।'

আকরামের বক্তব্য সঠিকভাবে আসেনি বলে ফেসবুক লাইভে বলেন সাকিব, 'আমি যে চিঠিটি বিসিবিকে দিয়েছি, সেখানে কোথাও লেখা নেই টেস্ট খেলব না। আমি লিখেছি, টি২০ বিশ্বকাপের প্রস্তুতি নিতে আইপিএলে খেলতে চাই। আকরাম ভাই হয়তো চিঠিটা ভালোমতো পড়েননি। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। এই সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপে খুব একটা ম্যাটার করে না।' বরং এই সময়ে আইপিএল খেললে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হবে বলে মনে করেন তিনি। তার যুক্তি, 'আইপিএলে যে ক্রিকেটারদের সঙ্গে খেলব, বিশ্বকাপে তাদের বিপক্ষেই খেলা। সেক্ষেত্রে ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে আমার। বিশ্বকাপে আমি ভালো খেললে দেশেরই তো লাভ।'

সাকিবের অভিযোগের জবাবে আকরাম বলেছেন, 'সে চিঠি দিয়েছে, আমি নাকি চিঠিটা পড়িইনি। ঠিক আছে, আমি হয়তোবা ভুল বুঝতে পারি ওর চিঠিটা, ও টেস্ট খেলতে চাচ্ছে। আমি কাল-পরশু বোর্ডের সবার সঙ্গে আলোচনা করে ওর এনওসির ব্যাপারে চিন্তা করব। ওর যদি টেস্টে আগ্রহ থাকে তো টেস্ট খেলবে।' ঢালাওভাবে ক্রিকেট পরিচালকদের কাজ না করার কথা বললেও বিসিবি সভাপতি পাপন ও গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের প্রশংসা করেছেন সাকিব।

আরও পড়ুন

×