রাইডশেয়ারে এখন পার্সেল পরিষেবা
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২৪
রাইডশেয়ারিং অ্যাপ তাদের নতুন ডেলিভারি সার্ভিস উবার পার্সেল চালুর কথা বলেছে। অনেকে এখন উবার অ্যাপ ব্যবহার করে জরুরি ফাইলপত্র, নিত্যপ্রয়োজনীয় জিনিস ছাড়াও সহজে যে কোনো পার্সেল পাঠানোর সুবিধা পাবেন। দৈনন্দিন জীবনের পার্সেল বিনিময় সহজ করতে এই ফিচার আনা হয়েছে। এই পার্সেল পরিষেবার মাধ্যমে অনেকে সুবিধামতো ডেলিভারি নেওয়ার সঙ্গে আগে থেকে সময় নির্ধারণ (শিডিউল) করে পার্সেল পিকআপের অনুরোধ করতে পারবেন।
পার্সেল পাঠানোর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি ট্র্যাকিং করার জন্য এতে থাকছে বিশেষ কিছু ফিচার। এর মাধ্যমে জিপিএস পদ্ধতিতে রিয়েল টাইমে লোকেশন দৃশ্যমান হবে। আর সঠিক প্রাপকের কাছে যেন পার্সেল পৌঁছায়, তা নিশ্চিত করতে থাকছে পিন ভেরিফিকেশন সিস্টেম। এ ছাড়া ডেলিভারির জন্য বিশেষ কোনো নির্দেশনা থাকলে সেটিও অ্যাপে লিখে দেওয়া যাবে।
অফিসের দরকারি ফাইলপত্র পাঠানো থেকে শুরু করে অনলাইন সেলারদের প্রডাক্ট, কাস্টমার অর্ডার, গিফট কিংবা ব্যক্তিগত যে কোনো জিনিস পাঠানোর কাজে এই পার্সেল ব্যবহার করা যাবে। একইভাবে এই পার্সেল দিয়ে অন্যের কাছ থেকে কোনো জিনিস নিজের কাছে আনিয়ে নেওয়ার অপশনও থাকছে। নতুন এই পরিষেবা প্রসঙ্গে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, আমরা চেষ্টা করছি, যাতায়াত ও লাইফস্টাইলকে সহজলভ্য করতে। পার্সেল পরিষেবার মাধ্যমে শুধু যাত্রী পরিবহন নয়; জরুরি জিনিসপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সহযোগী হতে চাই। দরকারি কাগজপত্র, যে কোনো পার্সেল বা পরিবারের কারও জরুরি জিনিস; যে কোনো কিছু অ্যাপের মাধ্যমে প্রেরণ ও গ্রহণ এখন থেকে সহজ ও ভরসাযোগ্য হবে। নিবন্ধিত ড্রাইভারদের জন্য এটি বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে।
যেভাবে নির্দেশনা দিতে হবে
এই অ্যাপের পার্সেল অপশনে প্রয়োজন অনুযায়ী সেন্ড আইটেমস বা রিসিভ আইটেমস অপশন নির্বাচন করতে হবে। পিকআপ ও ড্রপ অব লোকেশন দিয়ে পার্সেল ও রিসিভারের ডিটেইলস দিতে হবে।
ডেলিভারির জন্য কোনো নির্দেশনা থাকলে তা লিখে পিকআপ টাইম বেছে নিতে হবে। এ ক্ষেত্রে চাইলে শিডিউল করে নেওয়া যাবে। সব তথ্য ঠিক আছে কিনা দেখে রিকোয়েস্ট কনফার্ম করতে হবে। রিয়েল টাইমে পার্সেল ট্র্যাক করে তা বুঝিয়ে দেওয়ার জন্য রিসিভারের সঙ্গে পিন শেয়ার করলে কাজ শেষ।
- বিষয় :
- রাইড শেয়ারিং