ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগকে পুনর্বাসনের ঘোষণা, যুবদলের সাবেক নেতার ভিডিও ভাইরাল

আ.লীগকে পুনর্বাসনের ঘোষণা, যুবদলের সাবেক নেতার ভিডিও ভাইরাল
×

যুবদলের সাবেক সহসভাপতি মহি উদ্দিন মহিন

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৩৩

ফেনীর সোনাগাজীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে এলাকায় বসবাস ও সহাবস্থানের রাজনীতির ঘোষণা দিয়েছেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি মহি উদ্দিন মহিন। তাঁর এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীর মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাজীপুর গ্রামে কমল স্পোর্টিং ক্লাব আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মাইক্রোফোন হাতে বক্তব্য দেন মহি উদ্দিন মহিন। বক্তব্যের একপর্যায়ে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় রাজনীতি ও বসবাসের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

মহি উদ্দিন মহিনের এই বক্তব্যকে অনেকে বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ও দলের নেতাকর্মীদের আন্দোলন-সংগ্রামের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মতো দলীয় গুরুত্বপূর্ণ এমন কর্মসূচির মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন বা তাদের সঙ্গে নিয়ে চলার রাজনৈতিক বার্তা দেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন দলের তৃণমূলের নেতাকর্মীরা। তারা বলছেন, দলীয় কর্মসূচিতে প্রকাশ্যে এমন বক্তব্য দিলে তা শুধু ব্যক্তিগত মতামত হিসেবে দেখার সুযোগ নেই, তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে এর সাংগঠনিক ও রাজনৈতিক প্রভাব পড়বে।

স্থানীয় নেতাকর্মীদের কেউ কেউ বলছেন, আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আপস বা তাদের পুনর্বাসনের বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার আগে দলের সাংগঠনিক অবস্থান ও নীতিগত সিদ্ধান্ত বিবেচনায় নেওয়া প্রয়োজন। বিশেষ করে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ায় বিষয়টি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, ‘দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলীয় নেতাদের বক্তব্য এমন হতে পারে না। এমন বক্তব্য দিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। তাঁর এমন বক্তব্য আমাদেরও বিব্রত করেছে।’

প্রকাশিত বক্তব্যের বিষয়ে সাবেক যুবদল নেতা মহি উদ্দিন মহিন বলেন, ‘আমি আমার সমাজে বসবাসরত সবার উদ্দেশ্যে মিলেমিশে থাকার জন্য এই কথা বলেছি। আমার বক্তব্যে যদি কোনো ভুল থাকে, আমার দল সিদ্ধান্ত নেবে। আপনারা লিখে দেন।’

আরও পড়ুন

×