ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
×

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৩০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আবদুর রব হলের গেটে ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল খাগড়াছড়ির বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং শহীদ আবদুর রব হলের আবাসিক ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রাত ৯টা ৫০ মিনিটের দিকে হলের মূল ফটকের পাশে থাকা একটি ছোট কক্ষের ওপর উঠে ব্যানার লাগাচ্ছিলেন আরিফুল। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আরিফুলের সঙ্গে থাকা প্রাণিবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সামির ইসলাম বলেন, ‘রাত ৯টা ৫০ মিনিটের দিকে হলের গেটের পাশে একটি ছোট কক্ষের ওপর উঠেছিলেন আরিফুল। সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘একজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় মেডিকেল সেন্টারে এসেছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল।’

শহীদ আবদুর রব হলের প্রাধ্যক্ষ এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘আমি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে রয়েছি। তাঁর মৃত্যুর নিবন্ধনের কাজ করছি।’

প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি মমতাজ রেশেদা চৌধুরী বলেন, ‘প্রাণিবিদ্যা বিভাগের আরেক শিক্ষার্থী ম্যারাথনে গিয়েছেন। সেটি নিয়ে একটি ব্যানার লাগানোর জন্য হলের গেটের ওপর উঠেছিল আরিফুল। তখন সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর জানানো হয়, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক মো. কামরুল হোসেন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পরপরই তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন

×