দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:৪৩
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে জামাল মিয়া (৩৫) নামে চাঁদপুরের এক যুবক নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে দেশটির রাজধানী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জামাল মিয়া চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাইকান্দি গ্রামের ছিডু মিয়া বেপারীর ছেলে। তিনি স্ত্রী, তিন সন্তান, বাবা-মা ও চার ভাইবোন রেখে গেছেন।
স্বজনেরা জানান, পরিবার ও নিজের ভবিষ্যতের জন্য প্রায় ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান জামাল। সেখানে রাজধানী এলাকায় একটি ভ্যারাইটি সুপারশপের ব্যবসা শুরু করেন। বুধবার মধ্যরাতে স্থানীয় সন্ত্রাসীরা নিজের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তাকে গুলি করে হত্যা করে।
দক্ষিণ আফ্রিকায় থাকা স্থানীয় প্রবাসীরা জানান, জামালকে কারা এবং কী কারণে গুলি করে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
জামালের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে তার পরিবার ও স্থানীয়রা।
- বিষয় :
- দক্ষিণ অফ্রিকা
- নিহত