ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় নিহত বেড়ে ৪
×

দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাস। ছবি: সমকাল

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৫৮

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে কনের ভাই-বোন ও মামা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। 

শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী উপজেলার শিকলবাহা চৌমুহনী ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাঁও এলাকার বাসিন্দা কনের ছোট বোন মিমতাহ (১৭), ভাই নিয়াজ মোর্শেদ (২২), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।

নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদের একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের সদস্য ও স্বজনেরা মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাঁওয়ের বাড়িতে ফিরছিলেন।

নিহত ফেরদৌস আলমের পরিবারের সদস্য মো. ওমর ফারুক বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে পরিবারের লোকজন ও স্বজনেরা মাইক্রোবাসে করে কক্সবাজারে ফিরছিলেন। পথে কর্ণফুলী এলাকায় পৌঁছালে তাদের মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

পুলিশ জানায়, শিকলবাহা এলাকা অতিক্রম করার সময় একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেওয়ার চেষ্টা করছিল। এ সময় সেটি মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিমতাহ ও তার মামা ফেরদৌস আলম মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাইক্রোবাসের চালক মো. মুন্না ও নিয়াজ মোর্শেদকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাতজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ সমকালকে বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
 

আরও পড়ুন

×