ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ধর্মীয় মর্যাদায় পালিত

বিভিন্ন স্থানে জশনে জুলুশের আয়োজন করা হয়

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)  ধর্মীয় মর্যাদায় পালিত
×

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও মনইনীয়া যুব ফোরাম যৌথভাবে জশনে জুলুশ বের করে সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:৩৪

| প্রিন্ট সংস্করণ

যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত বুধবার সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিনটি উপলক্ষে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে জশনে জুলুশের আয়োজন করা হয়।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বুধবার মাগ‌রিবের নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমসহ দেশের বি‌ভিন্ন মস‌জিদে বয়ান করা হয়। হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আয়োজন করা হয় দোয়া ও মিলাদের। এ সব অনুষ্ঠানে হাজার হাজার নবীপ্রেমী মানুষ অংশ নেন। 

মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ওই দিন সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই আয়োজন হয়। দোয়া মাহফিলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর মূল শিক্ষা হলো রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ওই দিন রাজধানীতে জশনে জুলুশ ও আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়া ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়। বেলা ১১টার কিছু পরে সোহরাওয়ার্দী উদ্যানের দক্ষিণ গেট থেকে জশনে জুলুশ বের হয়। শোভাযাত্রা দোয়েল চত্বর ও হাইকোর্ট মোড় হয়ে ফের সোহরাওয়ার্দী উদ্যানে ফিরে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে জুলুশ শেষ হয়। জুলুশে নেতৃত্ব দেন আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার চেয়ারম্যান শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি। জুলুশ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

গত বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা-সংলগ্ন আলমগীর খানকা-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া থেকে ৫৫তম জশনে জুলুশের কার্যক্রম শুরু হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য মানুষ অংশ নেন। জুলুশে নেতৃত্ব দেন সৈয়দ মুহাম্মদ সাবের শাহ। অতিথি হিসেবে ছিলেন সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও সৈয়্যদ মুহাম্মদ আকিব আহমেদ শাহ।

আরও পড়ুন

×