ভার্চুয়াল মিউজিয়াম
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩১
দক্ষিণ এশিয়ার প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হয়েছে সার্ক কালচারাল সেন্টারের আঞ্চলিক কর্মশালা। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আহমেদ জামান সঞ্জিব। সার্কভুক্ত দেশের মনোনীত প্রতিনিধিদের সঙ্গে ঐতিহ্যবিষয়ক গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, আইটি বিশেষজ্ঞ, ডিজিটাল ক্রিয়েটর, পেশাজীবী ও সংস্কৃতিচর্চার সঙ্গে জড়িতরা এতে অংশ নেন।
বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার ঐতিহাসিক স্থাপনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, জাদুঘর, শিল্পকর্ম, লোকজ সংস্কৃতি, ঐতিহ্যবাহী জ্ঞান, পারফর্মিং আর্ট ছাড়াও বিভিন্ন ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবারের কর্মশালার প্রধান লক্ষ্য। এ ছাড়া ডিজিটাল ডকুমেন্টেশন, ডিজিটাল আর্কাইভ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর), থ্রিডি মডেলিং, জিআইএস ও অনলাইন ভার্চুয়াল প্রদর্শনীর মতো প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশদ আলোচনা হয়। সার্ক কালচারাল সেন্টার জানিয়েছে, এবার কয়েকটি দেশের সফল ডিজিটাল ঐতিহ্য সংরক্ষণ উদ্যোগ, উদ্ভাবনী প্রযুক্তি ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে কাজ করা গবেষক, প্রযুক্তিবিদ, জাদুঘরকর্মী ও সাংস্কৃতিক পেশাজীবীদের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরালো করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশের আলোচিত ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংরক্ষণ ও উপস্থাপনের উদ্যোগ হিসেবে ভার্চুয়াল মিউজিয়াম বাংলাদেশের যাত্রা শুরু। এ প্রকল্পের প্রধান আহমেদ জামান সঞ্জিবের নেতৃত্বে এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপনাকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করছেন। এর মাধ্যমে ঘরে বসেই ভিআর হেডসেট বা কম্পিউটারের মাধ্যমে বাংলাদেশের কয়েকটি ঐতিহাসিক স্থাপনা ভার্চুয়ালি ঘুরে দেখার সুযোগ তৈরি হয়েছে। ভিআর হেডসেট ছাড়া ওয়েবসাইটের মাধ্যমে কিছু স্থাপনার ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল ট্যুর করার সুযোগ রয়েছে।
ভার্চুয়াল এই প্রকল্পে সংগ্রহে ষাটগম্বুজ মসজিদ, ছোট সোনামসজিদ, বড় সরদারবাড়ী, পানাম নগর, এগারো শিবমন্দির, কান্তজিউ মন্দির ছাড়াও বাংলাদেশের ঐতিহাসিক অনেক স্থাপনা যুক্ত রয়েছে। আগামীতে যুক্ত হবে সোমপুর মহাবিহারের ভার্চুয়াল সংস্করণ।
- বিষয় :
- ভার্চুয়াল অনুষ্ঠান