ডিজিটাল পরিষেবা
ইলেকট্রনিক সুরক্ষার চ্যালেঞ্জ
টেকলাইফ ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৩২
সুরক্ষা ও নিরাপত্তায় দেশি উদ্যোক্তাদের সঙ্গে বহির্বিশ্বের প্রযুক্তিকেন্দ্রিক সংস্থার বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ফায়ার এক্সপো বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে।
সাবেক বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির বলেন, শিল্প ও প্রযুক্তি খাতের নিরাপত্তা ব্যবস্থাপনা, আইসিটির ব্যবহার ও নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। এ ছাড়া কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতে প্রচলিত ব্যবস্থার সঙ্গে আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধান, স্মার্ট মনিটরিং ও ঝুঁকি ব্যবস্থাপনার ব্যবহার বাড়ানো প্রয়োজন। শিল্প ও প্রযুক্তি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ ও দক্ষ কর্মপরিবেশ গড়ে তোলা সম্ভব।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেসের ফ্যাকাল্টি সদস্য এ কে এম মাসুম উল আলম বলেন, নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতে পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি অনুসরণের সঙ্গে কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংস্কৃতির গুরুত্ব রয়েছে। নিরাপদ ভবন নির্মাণ, পরিকল্পিত নগরায়ণ, জননিরাপত্তা ও অগ্নিঝুঁকি বিবেচনায় রেখে অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন সেফটি অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সহসভাপতি স্থপতি মো. ইকবাল হাবিব।
তিনি বলেন, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ভবন নির্মাণ ও নগর পরিকল্পনার প্রতিটি পর্যায়ে জননিরাপত্তা, অগ্নিনিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনাকে যথাযথ গুরুত্ব দিতে হবে। এবারের এক্সপোতে বিশ্বের ১০টি দেশের দেড় শতাধিক ব্র্যান্ডের নিরাপত্তা কোম্পানি, পাঁচ শতাধিক নিরাপত্তা ও সুরক্ষা বিশেষজ্ঞ অংশ নিয়েছেন।
- বিষয় :
- ডিজিটাল বাংলাদেশ